উপকরণঃ-কাটোয়া ডাঁটা (২০০ গ্রাম), কাঁঠাল দানা (১০০ গ্রাম), বরবটি (১০০ গ্রাম), রাঙা আলু (১০০ গ্রাম), মিষ্টি কুমড়ো (২০০ গ্রাম), ছোট বেগুন (২০০ গ্রাম), ঝিঙে (২০০ গ্রাম), সর্ষের তেল (প্রয়োজনমতো), নুন-চিনি (স্বাদমতো), হলুদ (১ বড় চামচ), লঙ্কার গুঁড়ো (২ বড় চামচ), ধনে গুঁড়ো (২ বড় চামচ), শুকনো লঙ্কা (২টি), মেথি দানা (আধ চামচ), আদা বাটা (২ চা-চামচ), রসুন বাটা (৪ চামচ), মাঝারি পেঁয়াজ কুচি (৪টি), কাঁচালঙ্কা (৪-৫টি), লইট্যা শুঁটকি (১০০ গ্রাম), লেবুর রস (১ চামচ), ধনেপাতা।

প্রণালীঃ- প্রথমে সব তরকারি এক আকারে কেটে ভাল করে ধুয়ে নিন। লটে শুটকি মাছকে গরম জলে ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার গরম জল থেকে তুলে নিয়ে শিলে বেটে নিন। এবার আঁচে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা, মেথি ও রসুন থেঁতো করে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ একে সব সবজি দিন। সবজি একটু সাঁতলানো হলে ওতে আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি দিন। এবার ভাল করে নাড়াচাড়া করে বাটা লটে শুঁটকি দিন। এবার আরেকটু ভাল করে মিশিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। এরপর ঢাকা খুলে একে একে সব গুঁড়ো মশলা দিন। সবশেষে নুন, চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মেশান। প্রয়োজনে সামান্য জলের ছিটে দিয়ে আবারও ১০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এবার ঢাকনা খুলে ধনেপাতা কুচি ও লেবুর রস দিতে পারেন। ভালভাবে সব সবজি ও মাছ মিশে গিয়ে বেশ শুকনো শুকনো হলে নামিয়ে গরম গরম ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করুন লটে শুঁটকির পাঁচমেশালি।