উপকরণঃ- মুগ ডাল (১ কাপ), ফুলকপি (আধ কাপ) (ছোট টুকরো), গাজর (আধ কাপ) (কুচি), বিনস (আধ কাপ), আদা কুচি (১ চা-চামচ), হলুদ (আধ চা-চামচ), নুন, চিনি (১ চা-চামচ), জল (৩ কাপ), ঘি (১-২ টেবল চামচ), তেজপাতা (১টি), জিরে (আধ চা-চামচ), শুকনো লঙ্কা (১-২টি), এলাচ (২টি), দারচিনি (১ ইঞ্চি), কাজুবাদাম (৮-১০টি) (অর্ধেক করা), কিশমিশ (১ টেবল চামচ)।
প্রণালীঃ- গরম কড়াইয়ে অল্প ঘি দিয়ে মুগ ডাল হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিন। গন্ধ বেরোলে নামান। ভাজা ডাল কুকারে দিয়ে দিন। জল, হলুদ, আদা, গাজর, বিনস ও ফুলকপি দিয়ে ২-৩টে সিটি দিন। ডাল যেন পুরো গলে না যায়। কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি দিন। এরপর কাজু ও কিশমিশ হালকা ভেজে নিন। সেদ্ধ ডাল ও সবজি ফোড়নের কড়াইয়ে ঢেলে দিন। নুন ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। ডাল একটু ঘন হলে নামিয়ে নিন। চাইলে ওপরে সামান্য ঘি দিন। গরম ভাত, ভাজা বেগুনের সঙ্গে পরিবেশন করুন মুগ মোহন ডাল।
